শারীরিক অসুস্থতা নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আগেও বহুবার গিয়েছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে এই হাসপাতালে তার সর্বোচ্চ চিকিত্সার ব্যবস্থা করা হতো। এমনকি তার শরীরের নিয়মিত পরীক্ষাও হতো এই হাসপাতালে। সেখানকার ভিভিআইপি-১ নম্বর কেবিনে তার সব ধরনের চিকিত্সা দেয়া হতো। যখনই তিনি হাসপাতালে যেতেন নিয়ম অনুযায়ী তাকে সর্বোচ্চ সম্মান দেখানো হতো। সর্বশেষ গত ৯ মার্চ শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে রাষ্ট্রপতি এখানে ভর্তি হন। তার পরদিনই তাকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৯ দিন চিকিত্সাধীন ছিলেন। সিঙ্গাপুরের এই হাসপাতালে গত বুধবার তিনি ইন্তেকাল করেন। তার নিথর দেহ গতকাল দেশে আনা হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হলো সম্মিলিত সামরিক হাসপাতালে; কিন্তু এবার তিনি আর ভিভিআইপি কেবিনে গেলেন না। তার নিথর দেহ এই হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হলো। সেখান থেকেই আজ তার শেষ নিদ্রা রচিত হবে বনানী কবরস্থানে।
