প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে আজ শুক্রবার সকাল ৯টায় তার জন্মভূমি কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হবে। সেখানে হাজী আসমত আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে জিল্লুর রহমানের প্রথম নামাজে জানাজা।
এরপর বাদ জুমা রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে কফিন বঙ্গভবনে এক ঘণ্টা রাখা হবে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রেরিত প্রতিনিধিরা প্রয়াত এই রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। বিকাল ৪টায় বনানী কবরস্থানে প্রয়াত তার স্ত্রীর কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় জিল্লুর রহমানের দাফন সম্পন্ন করা হবে।
