রাজধানীর হাতিরঝিলে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের দাবি, ঐ যুবক ডাকাত দলের সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) ছানেয়ার হোসেন জানান, রাতে খবর আসে হাতিরঝিল এলাকায় কয়েক যুবক ডাকাতির জন্য অবস্থান করছে। এরপর গোয়েন্দা পুলিশের এসি আসাদুজ্জামান ও এসি মোহাম্মদ জুয়েলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় যুবকদের চ্যালেঞ্জ করলে তারা গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালাবার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
রমনা থানা পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার শরীরে ৬টি গুলি লেগেছে। তার পরনে ছিল গ্যাভাডিং প্যান্ট ও চেক হাফশার্ট। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে। গতকাল বিকাল পর্যন্ত কেউ লাশ শনাক্ত করেনি।
