পারভেজ মোশাররফকে গ্রেফতারের অনুরোধ ইন্টারপোলের প্রত্যাখ্যান

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:০৭
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে গ্রেফতারে পাকিস্তান সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। এ নিয়ে সংস্থাটি দ্বিতীয়বারের মতো অনুরোধ প্রত্যাখ্যান করলো। এর ফলে আগামী রবিবার পারভেজ মোশাররফ দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন তার পথ সুগম হলো বলে মনে করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার পারভেজ মোশাররফের (৬৯) বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইন্টারপোল এক চিঠিতে পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছে, মোশাররফের গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে গত বছর দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) আন্তর্জাতিক সংস্থাটির কাছে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছিল। তখন ইন্টাপোল জানিয়েছিল, মোশাররফের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট তথ্য-প্রমাণ নেই। এবার সংস্থাটির পরিচালক বরাবর করা অনুরোধের সঙ্গে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক কর্মকর্তা জাভেদ ইকবাল ছিমা ও সাবেক গোয়েন্দা ব্যুরো প্রধান এজাজ শাহের জবানবন্দি, যুক্তরাষ্ট্রের সাংবাদিক মার্ক সিগেলসের ই-মেইল এবং মোশাররফের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির কপি সংযুক্ত করা হয়। ২০০৯ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন মোশাররফ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।