পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান নিয়ে সিদ্ধান্ত আজ

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:০৮
পাকিস্তানে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন প্রশ্নে এখনো কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবারও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে গঠিত পার্লামেন্টারি কমিটির বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে কমিটি আশা করছে, আজ শুক্রবারের মধ্যে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। খবর ডন-এর। আজকের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে পার্লামেন্টারি কমিটি ব্যর্থ হলে দেশটির আইন অনুযায়ী এর দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে মঙ্গলবার আট সদস্যের একটি পার্লামেন্টারি কমিটি গঠিত হয়। দেশটির সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে এই কমিটিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজনের নাম চূড়ান্ত করতে হবে। কমিটির গতকালের বৈঠকের পর পাকিস্তান পিপলস পার্টির নেতা সৈয়দ খুরশিদ শাহ সাংবাদিকদের জানান, আজকের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন সম্ভব হবে বলে তিনি আশা করছেন। নির্বাচন কমিশনের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আগামী ১১ মে দেশটির জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকার ১৬ মার্চ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে ইতিহাস সৃষ্টি করছে। এই প্রথম দেশটির নির্বাচিত কোনো সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করলো। গত ১৬ মার্চ সরকারের মেয়াদ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী চূড়ান্ত করতে পারেননি।