সুন্দরবনে গুলিতে একজন নিহত

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:০৯
পূর্ব সুন্দরবনে মুখোশধারী বন্দুক-ধারীদের গুলিতে জগদীশ সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে চাঁদপাই রেঞ্জের মরা পশর খালে এই ঘটনা ঘটে। জগদীশ ও তার সাথীরা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য বন বিভাগের অনুমতি নিয়ে বনে কাঠ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত জগদীশ সরদার বাগেরহাটের মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের মৃত হরষিত্ সরদারের ছেলে। তিনি পেশায় একজন বনজীবী। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে জনি সরদার (২৮) তিনি জানান, শেলাবুনিয়া সার্বজনিন গোবিন্দ মন্দিরে বুধবার নামযজ্ঞ অনুষ্ঠানের মহোচ্ছব আয়োজনের জন্য তিনি ও তার বাবাসহ এলাকার ২০-২২ জন লোক বন বিভাগের অনুমতি নিয়ে ঐদিন সকালে ট্রলারযোগে পূর্ব সুন্দরবনের মরা পশর এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহের জন্য যান। এ সময় আকস্মিকভাবে ট্রলারে করে আসা তিন-চার জন মুখোশধারী তাদের উপর গুলি ছোঁড়া শুরু করে। একটি গুলি তার বাবার ডান ঘাড়ে বিদ্ধ হয়। তিন-চারটি গুলি ছোঁড়ার পর হামলাকারীরা যাবার সময় বলে যে, প্রতিপক্ষ মনে করে তারা ভুল করে গুলি চালিয়েছে। ঘটনার পর চিকিত্সার জন্য জগদীশকে নিয়ে খুলনার দাকোপ উপজেলার দিকে যাবার পথে অতিরিক্ত রক্তক্ষরণে জগদীশ মারা যান। বাগেরহাটের মংলা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বৃহস্পতিবার জানান, হত্যাকারীদের পরিচয় জানা যায়নি তবে তারা বনদস্যু হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।