সাভারে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:০৯
আটক নেতাকর্মীদের মুক্তি দাবি ও ঢাকা জেলায় বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের (পরে প্রত্যাহার) সমর্থনে গত বুধবার বিএনপির সমাবেশ থেকে গাড়ি পোড়ানোর অভিযোগে সাভারে শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার এসআই সজিবুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। পুলিশ বুধবার রাতভর অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করে পরে ওই মামলায় গ্রেফতার দেখায়। গ্রেফতারকৃতরা হলো - ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মির্জাপুর গ্রামের বাবর আলীর ছেলে মো. রাসেল (২৩), সাভার থানার মজিদপুর এলাকার নূর ইসলামের ছেলে মো. সোহেল (১৯), তরফ রাজাঘাট এলাকার কামাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম (২২), মমিনুল হকের ছেলে মো. সজীব (২০), দিনাজপুরের কোতয়ালী থানার রানীগঞ্জ গ্রামের কসির উদ্দিনের ছেলে মো. বাবু (৩৫), আরিফুল ইসলাম (২৫), মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্টপ গ্রামের মৃত হামেদ আলীর ছেলে মো. জহির (২৫), সাভারের বক্তারপুর এলাকার মো. আলম (৩৩), মল্লিকারটেক নুরুল ইসলামের ছেলে মেহেদী (২৪) ও ধামরাই থানার রাজনগর গ্রামের বাবুল (৩৬)। প্রসঙ্গত, বিএনপি’র কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবুসহ অন্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাকা জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জেলা বিএনপি। এর সমর্থনে বিক্ষোভ মিছিলসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্নস্থানে বেশ কয়েকটি গাড়ি ভাংচুরসহ একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থনকারীরা। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে বিএনপি।