ঝুঁকিপূর্ণ কাজ ও সহিংস আন্দোলনে ব্যবহার করা হচ্ছে শিশুদের

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৪
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, আমাদের দেশে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের যেমনিভাবে ব্যবহার করা হচ্ছে তেমনিভাবে সহিংস আন্দোলনেও শিশুদের ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করতে হবে। সম্প্রতি রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টার মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত ‘শিশুদের তৈরি শিশু অধিকার সনদ-এর বিকল্প প্রতিবেদন’ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শিশুদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে সমাজে নৈতিক মূল্যবোধ ও সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া তিনি বাল্যবিবাহ বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন প্রয়োজন বলে মত প্রকাশ করেন। প্রধান অতিথি শিশুদের দ্বারা তৈরি বিকল্প প্রতিবেদনটি যুগোপযোগী এবং প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং এনসিটিএফ-এর কর্মকাণ্ডের প্রশংসা করেন। এনসিটিএফ-এর সভাপতি ফয়েজ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ, প্ল¬ান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মায়রনা রেমেটা এভোরা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। কর্মশালায় এনসিটিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ শিশু অধিকার নিয়ে অ্যাডভোকেসি ও বিকল্প প্রতিবেদন তৈরির প্রক্রিয়ার সার-সংক্ষেপ তুলে ধরেন। শিশু অধিকার বিষয়ক রাষ্ট্রপক্ষ প্রতিবেদন ও জাতিসংঘ শিশু অধিকার সনদের সর্বশেষ সুপারিশমালা অনুযায়ী শিশুদের বিকল্প প্রতিবেদনের উপর তুলনামূলক আলোচনা উপস্থাপন করেন এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাইল্ড পার্লামেন্ট সদস্যবৃন্দ। কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩০ জন শিশু, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় উন্নয়ন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।