নান্দাইলে পল্লী সমাজের প্রশিক্ষণ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৭
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্র্যাক এনজিও আয়োজিত পল্লী সমাজের ২৫টি সংগঠনের নেতাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ওয়ার্ড ভিত্তিক গরিব মানুষের স্বাধীন সংগঠন (পল্লী সমাজ)-এর এই প্রশিক্ষণে নান্দাইল পৌর শহরসহ ১২ টি ইউনিয়নের নেতারা অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মশালায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রশিক্ষক শালোমী সাংমা গত মঙ্গলবার (১২ মার্চ ) থেকে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন কর্মসূচি বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা। প্রশিক্ষক শালোমী সাংমা ইত্তেফাককে জানান, পল্লী সমাজের মাধ্যমে গ্রামীণ অবহেলিত নারী সমাজ চারটি বিষয় নিয়ে কাজ করছে। তা হলো সরকারি-বেসরকারি সেবা সম্পদ আদায়, স্থানীয় সরকারের কাজে সহায়তা করা, স্থানীয় সামাজিক কাজে সহায়তা করা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করা। কর্মশালায় অংশগ্রহণকারী নান্দাইলের চন্ডীপাশা এলাকার পল্লী সমাজ সংগঠনের সভাপতি হরিদাসী, ধূরুয়া এলাকার সভাপতি রাবেয়া, কাকচর এলাকার সাধারণ সম্পাদক মনোয়ারা ইত্তেফাককে জানান, এই কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীণনভাবে কাজ করে আসছি। সংগঠিতভাবে কাজ করতে গিয়ে সমাজে আগের চেয়ে সম্মান ও ন্যায্য মর্যাদা আদায় করতে শিখেছি। আমাদের সাথে জড়িত গ্রামের অন্যান্য নারীরাও দিনদিন এর সুফল পাচ্ছে।