গল্প নয় সত্যি

বিরক্তি যখন ফোনালাপে!

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৯:৪৯
সারাদিনের কাজ শেষে বাড়ি ফেরার জন্য হয়তো বাসে চেপে বসেছেন আপনি। কিংবা কোথাও যাবেন বলে অপেক্ষা করছেন কোলাহলপূর্ণ বাসস্ট্যান্ড বা রেলস্টেশনে। এরই মাঝে আপনার খুব কাছে দাঁড়িয়েই যদি কেউ ফোনে কথা বলতে শুরু করেন তাহলে আশপাশের কোলাহল কিংবা ওই ব্যক্তির কথোপকথনের মধ্যে কোনটির প্রতি বেশি মনোযোগী হবেন আপনি? কিংবা কোন বিষয়টি বেশি বিরক্ত করবে আপনাকে? আপনার ক্ষেত্রে এ প্রশ্নের উত্তর কী তা হয়তো আপনিই ভালো বলতে পারবেন। তবে আমেরিকার সানডিয়াগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, কোলাহলপূর্ণ পরিবেশ নয় বরং মোবাইল ফোনে চালিয়ে যাওয়া কারও কথোপকথনই মানুষের মনোসংযোগে বেশি বিঘ্ন ঘটায় এবং এটি তাদেরকে একই সাথে অনেক বেশি বিরক্তও করে। এমনকি দু’জন মানুষের সামনাসামনি কথোপকথনের চেয়ে একজন মানুষের ফোনে কথোপকথনের প্রতিই মানুষের মনোযোগ বেশি আকৃষ্ট হয় এবং এ ধরনের একদিকের কথোপকথন তাদের মস্তিস্কের ওপর অনেক বেশি চাপও তৈরি করে। এ বিষয়টি সম্পর্কে বুঝার জন্য ইউনিভার্সিটি অব সানডিয়াগোর সাইকোলজি বিভাগের এই গবেষকরা নানা ধরনের পরীক্ষা-নীরিক্ষা চালান। এর মধ্যে একটি পরীক্ষার অংশ হিসেবে গবেষক দলের প্রধান ড. ভেরোনিকা গ্যালভান ও তার সহকর্মীরা দুটি পৃথক দলকে কিছু ধাঁধার সমাধান করতে দেন। এর মধ্যে একটি দলকে যে স্থানে এই ধাঁধা পরীক্ষায় বসানো হয় সেখানে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকেন দু’জন ব্যক্তি। অন্যদিকে অপর দলকে যেখানে ধাঁধার সমাধান করতে বলা হয় সেখানে একজন লোক ফোনে কথা বলতে থাকেন। এরপর দুই দলের ফলাফল বিশ্লেষণ ও তাদের অভিজ্ঞতার ভিত্তিতে সাক্ষাত্কার গ্রহণের পর দেখা যায় যে, যে দলটি ধাঁধার সমাধানের সময় অপর একজনের ফোনালাপ শুনছিল তারা অন্য দলের তুলনায় অনেক বেশি বিরক্ত হয়েছেন এবং তাদের মনোযোগেও অনেক ব্যাঘাত ঘটেছে। শুধু তাই নয়, এই দলটি ফোনালাপে বলা কথাগুলো যতটা মনোযোগ দিয়ে শুনেছে বা মনে রেখেছে অন্য দলটি দু’জন ব্যক্তির সামনাসামনি বলা কথাও অতটা মনোযোগ দিয়ে শোনেনি বা মনে রাখেনি। গবেষকদের দাবি, ফোনলাপ শোনার সময় আমরা একদিকের কথা শুনতে পারি বলেই সম্ভবত এটি আমাদের বেশি মনোযোগ নিয়ে নেয় এবং একই সাথে বিরক্তও করে। আবার যেসব স্থানে মানুষকে বাধ্য হয়ে তাদের পাশে থাকা কারও ফোনালাপ শুনতে হয়, যেমন বাসে বা জনমানুষপূর্ণ স্থানে সেসব স্থানে ফোনালাপের কারণে মানুষের বিরক্তির মাত্রাও বহুগুন বেড়ে যায়।