সঞ্জয়কে জেলে যেতে দেবে না বলিউড

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২০:০৮
আর রক্ষা হলোনা সঞ্জয় দত্তের। ১৯৯৩ সালে মুম্বাই বিষ্ফোরণ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় মুম্বাই সুপ্রিম কোর্ট তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। আর এই খবরে ভেঙে পড়েন সঞ্জয় দত্ত। শুধু সঞ্জয় দত্তই নয়, পুরো বলিউডবাসীই ভেঙে পড়েন। সমবেদনা জানাচ্ছেন প্রায় সব তারকাই। সবচেয়ে বড় কথা হলো সঞ্জয়ের হাতে এই মুহূর্তে রয়েছে ৭টি ছবি। যা প্রায় ১ হাজার কোটি রুপি বাজেটের একটি অংশ। এক মাসের মধ্যে আত্মসমর্পন করতে হবে সঞ্জয় দত্তকে। আর যদি তাই করেন, তাহলে কয়েকটি ছবিকে তাত্ক্ষণিক লোকসান গুনতে হবে প্রায় ২০০ কোটি রুপি। অন্যদিকে সঞ্জয় দত্তের এই দুঃসময়ে দূরে সরে যাননি কেউই, বরং সবাই তার পাশে এসে দাড়াচ্ছেন। আমির খান, সালমান খান, করণ জোহর, মহেশ ভাট, ফারাহ খান থেকে শুরু করে বলিউডের প্রায় সব তারকাই যথার্থ চেষ্টা করছেন যেন, সঞ্জয়কে এই শাস্তি ভোগ করতে না হয়। অন্যদিকে জয়া বচ্চন বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে সরকারের সঙ্গে আলোচনা করব। সঞ্জয় এই মামলা নিয়ে এই জীবনে অনেক ভুগেছেন। এবার তার জন্য যেই শাস্তি বলা হচ্ছে তা বেশি হয়ে যাচ্ছে। তাকে মুক্তি দেওয়া হোক এই ঝামেলা থেকে। টুইটারে সঞ্জয়ের সাপোর্টে নেমেছেন প্রায় সব তারকা। শুধু তারকারাই নন, ভক্তরাও নেমে আসছেন প্রায় রাজপথে। ভারতের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিও নেমেছেন তার মুক্তির দাবি নিয়ে। এমনকি কয়েকজন মন্ত্রীও তার মুক্তির দাবি আদায়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সঞ্জয় দত্ত এখন ‘পিকে’, ‘শের’ ‘জাঞ্জির রিমেক’ এই তিনটি ছবির শুটিং করছেন। খুব শীঘ্রই ‘পুলিশগিরি’, ‘উঙ্গলি’, ‘ঘনচক্কর’, ‘মুন্নাভাই চলে দিল্লি’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।