ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় সাংগর-জগন্নাথপুর খালের ব্রিজটি ভেঙে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আশেপাশের ছয়টি গ্রামের লোকজনের পাশাপাশি স্থানীয় চারটি বিদ্যালয়ের শত-শত শিক্ষার্থীও চরম ঝুঁকিতে ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করছে।
স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান জানান, গত দেড় বছর আগে জরাজীর্ণ হয়ে ব্রিজটি ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়। পরে লোকজন কোন উপায় না পেয়ে গাছের ডাল দিয়ে পাটাতন তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দশ থেকে বার বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। দেড় বছর আগে দুই হাত দূরত্বে ব্রিজের তিনটি স্থানে পাটাতন সম্পূর্ণ ভেঙে যায়। গোপালপুর, সাংগর ও জগন্নাথপুর তিনটি গ্রামের একমাত্র সংযোগের মাধ্যম ছাড়াও ব্রিজটি দিয়ে কেওতা, জগাইরহাট, বলারজোর ও চরকেওতা গ্রামের আট সহস্রাধিক মানুষ যাতায়াত করে।
