চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে শিশুকন্যাসহ স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে। গ্রামবাসীরা জানায়, ওই গ্রামের মুনসেফ সর্দারের ছেলে দুরুল সর্দার (৩২) ও তার স্ত্রী মাকসুদা (২৫) এবং তাদের শিশুকন্যা সোনিয়া (৪) রাতে বাড়ির দোতলা মাটির ঘরে ঘুমিয়েছিল। শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হলে সেখানে থাকা জ্বলন্ত কুপির আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। নিচতলায় থাকা নিহত দুরুলের মা জহুরুন ও তার বড় মেয়ে ফুলকি বিষয়টি গ্রামবাসীকে জানালে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, এএসপি গোমস্তাপুর সার্কেল মীর মোহাম্মদ শাফিন মাহমুদ, গোমস্তাপুর থানার ওসি বজলুর রশিদ ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে ছুটে যান।
