রাজীবপুরের নয়াচরে বখাটেদের উত্পাতে স্কুলছাত্রীদের বিড়ম্বনা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৮
স্কুলে যাওয়া আসার সময় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন থেকে এলাকার চিহ্নিত ৪/৫ জন বখাটে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে গত মঙ্গলবার রাজীবপুর উপজেলার নয়াচর বাজারপাড়া হাইস্কুলের ছাত্রছাত্রী রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে। অভিযোগ পাওয়া গেছে, নয়াচর বাজার পাড়া হাইস্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় তার পথ আটকে জড়িয়ে ধরে রফিকুল ইসলাম (২৫) নামে এক বখাটে। তার সাথে আরো ২ জন ছিল বলে জানা গেছে। পরে নয়াচর বাজারের মানুষ ওই বখাটেকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। স্কুলের একাধিক ছাত্রী অভিযোগ করে নয়াচর বাজারের আশপাশের বেশ কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করে। স্কুলের প্রধান শিক্ষক রুহুল ইসলাম বকুল জানান, তার স্কুলের ছাত্রীদের উত্ত্যক্তের বিষয় বখাটেদের অভিভাবককে বলা হয়েছিল। কিন্তু বখাটেপনা বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে ঢুষমারী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।