ঢাকার কেরানীগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মো. জুয়েল হাওলাদার (২৪)। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ইমাম বাড়ি উঁচু কবরস্থানের পাশে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক রবিউল আজম জানান, নিহত জুয়েল হাওলাদার কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে ইমাম বাড়ি কবরস্থানের পাশে পৌঁছলে সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জুয়েল হাওলাদারের বাবার নাম রাজু হাওলাদার। বাড়ি ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার পাটগ্রামে। সে ঢাকার সদরঘাট এলাকায় চাঁন গার্মেন্টসে কাজ করতো। সে জিনজিরা ইউনিয়নের পূর্ববন্দ ডাকপাড়া গ্রামে ডা. আল আমীনের বাড়িতে ভাড়া থাকতো।
