সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলার তদন্ত করবে জাতিসংঘ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৯
সিরিয়া সরকারের অনুরোধে রাসায়নিক অস্ত্রের হামলার তদন্ত করা হবে বলে বৃহস্পতিবার জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সিরিয়ার বিদ্রোহীরাই এ রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। তবে বিদ্রোহীরা পাল্টা অভিযোগ করে বলেছে, সরকারি বাহিনীই এ হামলা চালিয়েছে। গত মঙ্গলবার সিরিয়ায় আলেপ্পোর কাছে ‘খান আল-আসাল’ এলাকায় বিষাক্ত গ্যাস-ভর্তি মর্টারের গোলা হামলায় অন্তত ২৫ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে দু’পক্ষ এ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ এ রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ তদন্তের জন্য সিরিয়া বুধবার জাতিসংঘ মহাসচিব বানকে অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বান সাংবাদিকদের বলেন, “আমি সিরিয়ায় সম্ভাব্য এ রাসায়নিক অস্ত্র হামলার ঘটনা তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছি।” সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার আলেপ্পা ছাড়াও দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলা হওয়ার অভিযোগ করেছে। তবে বান কি মুন বলেছেন, সিরিয়া সরকার যে ঘটনাটি তার গোচরে এনেছে সেটিই তিনি তদন্ত করে দেখবেন, অর্থাত্ তদন্ত করে দেখা হবে কেবল আলেপ্পায় রাসায়নিক অস্ত্র হামলার ঘটনাটি। তদন্তকাজে জাতিসংঘ রাসায়নিক অস্ত্র বিস্তার রোধ সংগঠন (ওপিসিডব্লিউ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) সহযোগিতা করবে বলে জানান বান। তাছাড়া সংশ্লিষ্ট সব পক্ষ থেকেই একাজে পরিপূর্ণ সহযোগিতা অপরিহার্য বলেও জানান তিনি।