চীন থেকে ৪ লাখ ভক্সওয়াগন ফেরত নেয়ার ঘোষণা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৯
গিয়ারবক্সে ত্রুটিজনিত কারণে চীন থেকে প্রায় ৪ লাখ ভক্সওয়াগন ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে জার্মানির এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত চীন থেকে গাড়ি ফেরত নেয়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ঘটনা। গত সপ্তায় চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেখানো হয়, গাড়িটির হঠাত্ করেই গতি বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার বিষয়ে ভক্সওয়াগনের গ্রাহকরা অভিযোগ করছে। ভক্সওয়াগন কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি পরিবর্তনশীল গিয়ারবক্সের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে চালক নিজেই সেটি নিয়ন্ত্রণ করতে পারে এবং এ ধরনের ঘটনা রোধ করতে সক্ষম। ভক্সওয়াগনের সবচেয়ে বড় বাজার চীন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ৩ লাখ ৮৪ হাজার ১৮১টি গাড়ি ফেরত নেয়ার ঘোষণা দেয়। চলতি বছরের ২ এপ্রিল থেকে গাড়িগুলো ফেরত নেয়া শুরু হবে। ভক্সওয়াগন বর্তমানে চীনের এসএআইসি মটর এবং এফএডব্লিউ গ্রুপের সঙ্গে গাড়ি উত্পাদন করছে। ২০১২ সালে প্রতিষ্ঠানটি শুধু চীনেই ২৮ লাখ গাড়ি বিক্রি করেছে। আগামী ৫ বছরে এই সংখ্যা ৪০ লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে ভক্সওয়াগন।