কক্সবাজারের উখিয়ার রত্নাপালং গ্রামের বাসিন্দা সাবেক এনজিও কর্মকর্তা অর্ধেন্দু বড়ুয়া (৫২) অপহরণের ১ মাস ১৮ দিনেও উদ্ধার হয়নি। গত ৩ ফেব্রুয়ারি বিকালে কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে দুর্বৃত্তরা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে অপহরণ করে। এ ঘটনায় অপহূতার ভাই আশেন্দু বড়ুয়া (৪৮) বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে কক্সবাজার মডেল থানার ওসি গত ১৮ ফেব্রুয়ারি নিয়মিত মামলা রুজু করেন। মামলায় রত্নাপালং গ্রামের সুকেন্দু বড়ুয়া (৩৮), অরবিন্দু বড়ুয়া (৫০) ও সুবিদ বড়ুয়া (৩৬)সহ ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অপহূতার ভাই আশেন্দু বড়ুয়া জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছে। ওইসব দুর্বৃত্তরা জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সুজন কুমার ভট্টচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতার ও অপহূত ব্যক্তিকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
