মালির অধিকাংশ অঞ্চলে শিগগিরই সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। মালি থেকে ফরাসি সৈন্যদের প্রত্যাহারের প্রস্তুতির প্রেক্ষাপটে তিনি এ অঙ্গীকার করলেন। এদিকে মালিতে এক ফরাসি জিম্মিকে হত্যা করার দাবি খতিয়ে দেখছে প্যারিস। মালিতে ফ্রান্সের সৈন্যদের অভিযানের জবাবে ওই জিম্মিকে হত্যা করা হয়েছে বলে আল কায়েদার উত্তর আফ্রিকার শাখা দাবি করেছে।
ফ্রান্সে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক নৈশভোজে ওলাঁদ বলেন, আমরা বিজয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছি এবং খুব শিগগিরই মালির অধিকাংশ অঞ্চলে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ-মার্ক আরাউলত পার্লামেন্টে বলেন, এপ্রিলের শেষ নাগাদ মালি থেকে ফরাসি সৈন্যদের প্রত্যাহার শুরু হবে। তিনি বলেন, এপ্রিলের শেষদিকে ফরাসি সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হলেও পশ্চিম আফ্রিকার দেশটিতে ইসলামি বিদ্রোহীদের উত্খাতে আমাদের সৈন্যরা কীভাবে সাহায্য করতে পারে তা খতিয়ে দেখতে সোমবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটে আইনপ্রণেতারা বৈঠকে বসবেন।
