দক্ষিণ কোরিয়ায় সাইবার হামলা ‘চীনা আইপি থেকে’

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:২০
চীনের এক আইপি ঠিকানা থেকে দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাংকসহ ছয়টি সংস্থায় বুধবার সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি দক্ষিণ কোরিয়া। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। দেশটির টেলিভিশন নেটওয়ার্কসহ বড় কয়েকটি ব্যাংকে ভয়াবহ বিপর্যয়ের পর সন্দেহজনক এ সাইবার হামলার তদন্ত শুরু করে পুলিশ। হ্যাকাররা চীনের আইপি ঠিকানা ব্যবহার করে গত বুধবার এ বিপর্যয় ঘটায় বলে অভিমত দেশটির টেলিযোগাযোগ পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের। তবে তদন্ত এখনো চলছে বলে জানিয়েছেন তারা। “এ পর্যায়ে আমরা এখনো হামলাটি প্রকৃতই কোথা থেকে ঘটেছে তা ভালভাবে জানার চেষ্টা করছি”, বলেন কর্মকর্তা পার্ক জায়ে মুন। তদন্ত থেকে হামলার পেছনে উত্তর কোরিয়া জড়িত থাকারও সন্দেহ ঘনীভূত হচ্ছে বলে সিউল থেকে জানিয়েছেন বিবিসির এক সংবাদদাতা।