সমুদ্রের নিচে জ্বালানি গ্যাস
জাপানের বিজ্ঞানীরা দাবি করেছেন, সমুদ্রের তলদেশে হিমায়িত মিথেন হাইড্রেট থেকে কীভাবে জ্বালানি গ্যাস আহরণ করা যায়, সেই পদ্ধতি তারা বের করে ফেলেছেন। জাপানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা জগমেক জানিয়েছে, তাদের বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে সমুদ্রের নানকাই ট্রাফে যে হিমায়িত মিথেন হাইড্রেটের মজুত আছে, সেখান থেকে সফলভাবে গ্যাস আহরণও করেছেন। জাপান সরকারও জানিয়েছে, খুব শীঘ্রই তারা এখানে বাণিজ্যিক উত্পাদনের জন্য চেষ্টা শুরু করবে।—বিবিসি
লোপ পাচ্ছে মেরু ভাল্লুক
পোলার বিয়ার বা মেরু ভাল্লুকের দেহের বিভিন্ন অংশ নিয়ে আন্তর্জাতিক ব্যবসা নিষিদ্ধ করা হলে সেটা কি এই বিপন্ন প্রাণীটির চোরাশিকার ঠেকাতে পারবে, বাঁচাতে পারবে এই অসাধারণ সুন্দর ভাল্লুকদের? বিজ্ঞানীরা বলছেন মেরু ভাল্লুকের সংখ্যা কমে আসছে। পৃথিবীতে মোট মেরু ভাল্লুকের সংখ্যার দুই-তৃতীয়াংশই লোপ পেয়ে যাবে আর মাত্র ৪৩ বছরের মধ্যেই। ফলে যা-ই ঘটুক না কেন, মেরু ভাল্লুক শিকার চালিয়ে যেতে গিয়ে শিকারিরা একদিন বিপদে পড়তে বাধ্য। কিন্তু একটি প্রাণীকে বিপন্ন করে মানুষের জীবন-জীবিকাও বেশিদিন বজায় রাখা যাবে না—পরিবেশ বিজ্ঞানীরা এখন সেই যুক্তিই দিচ্ছেন।—বিবিসি
বয়সের ছাপ কমাতে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নার্ভাস সিস্টেমে কিছু পরিবর্তন হয় সেগুলো এড়ানো সম্ভব নয়। তবে কিছু অনুশীলনের মাধ্যমে দেহে এর প্রভাব কম পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাইকোলজি টুডে সাম্প্রতিক গবেষণায় জানিয়েছে, নাচ ও কারাতের প্রশিক্ষণ থাকলে দেহে বয়সের ছাপ পড়ে ধীরে। এ গবেষণার জন্য নাচ ও কারাতে প্রশিক্ষণ দেয়া হয় প্রবীণদের। গবেষণায় দেখা গেছে, ‘অপ্রয়োজনীয়’ ক্রীড়ার মাধ্যমে আত্মশক্তি জাগ্রত হয়; এতে জীবন-যাপনেও পরিবর্তন লক্ষ্য করা যায়। —বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম
ফুকুশিমায় বিদ্যুত্ বিভ্রাট
জাপানের সুনামি-বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে সোমবার সংঘটিত বিদ্যুত্ বিভ্রাটের কারণ একটি ইঁদুর হতে পারে বলে জানিয়েছেন পরমাণু কেন্দ্রের একজন অপারেটর। সোমবার থেকে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে ২৯ ঘণ্টা যাবত্ বিদ্যুত্ বিভ্রাট চলতে থাকে। অনেক চেষ্টা -তদবিরের পরও এ সমস্যা পুরোপুরি দূর হচ্ছিল না। টোকিও ইলেক্ট্রনিক পাওয়ার কোম্পানি (টেপকো)’র একজন মুখপাত্র বলেন, তদন্তকালে আমরা ঠিক এই প্রাণিটিই শর্টসার্কিট ঘটিয়েছিল কিনা তা নিশ্চিত হবার চেষ্টা করবো। টেপকো প্রকাশিত একটি আলোকচিত্রে ছয় ইঞ্চি লম্বা প্রাণি দেখা যায়। যেটি দেখে ইঁদুর বলেই মনে হয়। —এএফপি
