জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের সনদ বিতরণ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৪৪
দুর্যোগ মোকাবেলায় মানুষকে সচেতন করা এবং মোকাবেলায় বর্তমান পদ্ধতির উন্নতি করতে চারদিনব্যাপী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স শেষ হয়েছে। গত বৃহস্পতিবার কোর্সের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আর্মড ফোর্সেস এবং ব্রিটিশ হাই কমিশন যৌথভাবে এই কোর্সের আয়োজন করে। আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং জরুরি অবস্থায় কি ধরনের ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে অংশগ্রহণকারীদের অবগত করা হয়। এছাড়া ঝুঁকি মোকাবেলায় বর্তমানে যেসব পদ্ধতি আছে সেগুলোর পর্যালোচনা করে উন্নয়ন ঘটানোর বিষয়টিও গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানে আর্মড ফোর্স এবং মানবিক সহায়তায় নিযুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর মিরপুরে অংশগ্রহণকারীদের বিভিন্ন ভাগে বিভক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ২০টি প্রতিষ্ঠান থেকে ৩২ জন এ কোর্সে অংশগ্রহণ করেন। গত সোমবার গুলশানের রেডিয়াস সেন্টারে এ কোর্সের উদ্বোধন করেন আর্মড ফোর্স বিভাগের (অভিযান ও পরিকল্পনা) পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। আর কোর্সের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন আর্মড ফোর্স বিভাগের (প্রশিক্ষণ) পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. হুমায়ূন কবীর। এ সময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যের বুআনমাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোলাম উইলসন, রিচার্ড গর্ডন, মাইক ইভানস্সহ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।