বরিশালে দেড়মাস পর বিএনপি অফিস খুললো

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:০০
একাত্তরের মঞ্চের কার্যক্রম স্থগিত ঘোষণা হওয়ায় গত দেড়মাস পর গতকাল শুক্রবার বরিশালে জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের তালা খোলা হয়েছে। মঞ্চের উদ্যোক্তাদের সাথে গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র শওকত হোসেন হিরনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর কারণে ‘আপাতত’ একাত্তর মঞ্চের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এ ঘোষণার পর গতকাল একাত্তর মঞ্চ সংলগ্ন বিএনপির কার্যালয়ের তালা খোলেন দলীয় নেতা-কর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একাত্তর মঞ্চের নিরাপত্তার কারণে গত দেড়মাস পর্যন্ত বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনে পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। ফলে ওই কার্যালয়টি তালাবদ্ধ ছিল। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে গত ৬ ফেব্রুয়ারি ‘একাত্তর মঞ্চ’ প্রগতিশীল ছাত্র-যুব নেতা-কর্মীরা স্থাপন করেন। এ মঞ্চে টানা বিক্ষোভ কর্মসূচি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত ছিল। ফলে নিরাপত্তার কারণে মঞ্চের পাশে জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনে পুলিশ প্রশাসন কোন অনুমতি দেয়নি। মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপি বলেন, একাত্তর মঞ্চের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের পর বিএনপি অফিসের তালা খোলা হয়। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।