ইমরান হোসেন সেলিম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইমরান হোসেন সেলিম মল্লিকের (৫৮) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তার ভাণ্ডারিয়াস্থ বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। তিনি গত রবিবার দুবাইয়ের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঢাকাস্থ ভাণ্ডারিয়া পরিষদের সভাপতি ও সাবেক ছাত্র সমাজ নেতা আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক তার বড়ভাই। মরহুমের জানাজায় জাতীয় পার্টি (জেপি) যুগ্ম মহাসচিব মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরিক হন।
মুন্সী তাজুল ইসলাম
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গতিয়া সোনাপুর গ্রামের আলহাজ্ব মুন্সী আলী আহাম্মদের পুত্র মুক্তিযোদ্ধা মুন্সী তাজুল ইসলাম (৬৫) গত বৃহস্পতিবার রাতে ফেনীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। নিজ বাড়ির দরজায় গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
