হাম্বানটোটায় আজ শুরু ওয়ানডে লড়াই

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:২৪
গত বছরকয়েক ধরেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ একটা মাঝারি শক্তির দল হয়ে উঠেছে। বাংলাদেশের সর্বশেষ দুটি সিরিজই তার সাক্ষ্য দিচ্ছে। এ অবস্থায় শ্রীলঙ্কার তুলনামূলক তরুণ দলের বিপক্ষে আরেকটি সাফল্য তারা আশা করতেই পারে। আর সেই আশাতেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে হাম্বানটোটায় ওয়ানডে সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে এই দিবারাত্রির ম্যাচ। খেলাটি সরাসরি সমপ্রচার করবে টেন ক্রিকেট। তিন ম্যাচের সিরিজের আজ প্রথম ওয়ানডে এবং আগামী ২৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে এই হাম্বাটোটাতেই অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মার্চ সিরিজের শেষ ওয়ানডে খেলতে দু’দল চলে যাবে ক্যান্ডিতে। সেখানেই দু’দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। তবে সবকিছুর আগে এখন ওয়ানডে সিরিজ নিয়ে চিন্তা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজেদের তুলনায় বেশ চমক জাগানিয়া পারফরম্যান্সই করেছে। সেই সামপ্রতিক ঘটনা মাথায় রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জয়েরও স্বপ্ন দেখছেন খেলোয়াড়রা। স্বপ্নের পক্ষে পরিসংখ্যানও আছে। বাংলাদেশ নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রবল শক্তিধর ওয়েস্ট ইন্ডিজকে একদম বলে কয়ে হারিয়েছে। এর আগে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে উঠেছিল তারা। সেখানেই শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। বাংলাদেশের আজ খেলার শুরুর আগে বড় দুঃসংবাদগুলো এসেছে সব ইনজুরি থেকে। ইনজুরির জন্যই দলে নেই দেশের সেরা ক্রিকেটার ও সামপ্রতিক সাফল্যের অন্যতম কারিগর সাকিব আল হাসান। একই কারণে নেই মাশরাফি বিন মুর্তজাও। সর্বশেষ গতকালই জানা গেছে অনুশীলনে চোট পাওয়ায় সিরিজ খেলা হচ্ছে না সিনিয়র পেসার নাজমুল হোসেনের। তবে আশার কথা হল, সাকিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। আবার দারুণ ফর্মে আছেন তরুণ মোমিনুল হক, অধিনায়ক মুশফিক নিজে। ওয়ানডেতে অসাধারণ ফর্মে আছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ও গত সিরিজেই অভিষিক্ত এনামুল হক বিজয়। আবার আরেকটি সুখবর হল ইনজুরি কাটিয়ে রানে ফিরেছেন তামিম ইকবাল। ইনজুরিতে সমস্যায় আছে শ্রীলঙ্কাও। তাদের অন্যতম সেরা পারফরমার মাহেলা জয়াবর্ধনে খেলতে পারছেন না এই সিরিজে। নেই স্পিনার রঙ্গনা হেরাথও। অবশ্য আজকের ম্যাচটিতে হেরাথ বা বাংলাদেশের রাজ্জাকরা খুব বড় ভূমিকা রাখবেন বলে মনে হচ্ছে না। হাম্বানটোটার উইকেটে গতকাল পর্যন্ত ঘাস ছিল বলে জানা গেছে। এই উইকেটে অল্প কটি যে ম্যাচ হয়েছে, তার ইতিহাস বলে পেসাররাই এখানে বড় ভূমিকা রাখে।