চরমোনাইর পীরে কামেল নায়েবে আমিরুল মুজাহিদীন হযরত মাওঃ সৈয়দ মুফতি মো. ফয়জুল করিম বলেছেন, নাস্তিক মুরতাদদের পীর আউলিয়ার পূণ্য ভূমি বরিশালের মাটিতে পা রাখতে দেয়া হবে না। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সিংহের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। সিংহ গর্জন দিলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবেন না। মুফতি ফয়জুল করিম বলেন, শাহবাগে দুধ কলা দিয়ে নাস্তিক নামক যে কালসাপ লালন-পালন করছেন, ঐ কালসাপই আপনাকে ধ্বংস করবে। তিনি সংসদে নাস্তিক-মুরতাদদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তির আইন পাস করার আহবান জানান।
গতকাল শুক্রবার বাদ মাগরিব বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যাপী ইসলামী সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন মুফতি ফয়জুল করিম। বিশেষ অতিথি ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওঃ মাহফুজুল হক, প্রিন্সিপাল রহমানিয়া মাদ্রাসা ঢাকা, মুফতি মাহবুব বিন মোশাররফ, পীর সাহেব বরিশাল। সভাপতিত্ব করেন বরিশাল কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সহ-সভাপতি মুফতি শাব্বির আহমেদ।
