খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ লক্ষাধিক মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। এ অঞ্চলে জলোচ্ছ্বাস ও লবণাক্ততা মিলে পানি যেমন একদিকে মানুষের মৃত্যু ডেকে আনছে, তেমনি নদী-খালে পানির অভাব জীবনযাত্রা স্থবির করে ফেলছে। খুলনা মহানগরীর অর্ধেকেরও বেশি নাগরিক সুপেয় পানি সরবরাহের বাইরে রয়েছেন। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধনে খুলনার নাগরিক নেতারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের ফলে এ অঞ্চলের নদী-খালগুলো মরে যাচ্ছে, দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। এসব সমস্যা সমাধানে যে সামান্য উদ্যোগ নেয়া হচ্ছে তাও দুর্নীতি ও পরিকল্পনাহীনতার কারণে পণ্ডশ্রমে পরিণত হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নসহ পানিখাতে সকল প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতা নিশ্চিত না করলে এ অঞ্চলের জলাবদ্ধতা ও পানি সংকট সমাধান সম্ভব নয়।
জলবায়ু অর্থায়নে সুশাসন নেটওয়ার্ক (সিএফজিএন), সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্ক (বিএটিডাব্লিউএন) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) খুলনার ৭টি পরিবেশবাদী সংগঠন গতকাল এ মানববন্ধনের আয়োজন করে। সনাক আহবায়ক অধ্যক্ষ জাফর ইমামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন—নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, প্রকৌশলী আবুল কালাম আজাদ, শামীমা সুলতানা শিলু, মশিউল আযম, মাহফুজুর রহমান মুুকুল, হাসান মেহেদী, মাহবুব আলম প্রিন্স, মাকসুদুর রহমান, হেলেন খাতুন, দিলীপ দাস প্রমুখ।
