ঝিনাইদহের মহেশপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে পুলিশের গুলিতে এক গ্রামবাসী নিহত হওয়ায় এ ঘটনার প্রতিবাদে বিএনপি-জামায়াত আগামী-কাল রবিবার মহেশপুরে আধাবেলা হরতাল ডেকেছে। গতকাল শুক্রবার সকালে নিহত ইন্তাজুল ওরফে ইন্তাজ আলির জানাজার আগে মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টার এ ঘোষণা দেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ হরতালের ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
দাড়িয়াপুর গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে হতাহতের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করে মামলা করেছে পুলিশ। মহেশপুর থানার এস আই আব্দুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
ওসি আকরাম হোসেন বলেন, পুলিশের উপর আক্রমণ, গুলি ও বোমা নিক্ষেপ, গাড়িতে আগুন ও পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩ জনকে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও ২টি ছোরা উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার দাড়িয়াপুর গ্রামে ২৮ ফেব্রুয়ারি মহেশপুরে জামায়াত-শিবির পুলিশের উপর হামলার মামলায় পুলিশ, র্যাব ও বিজিবি আসামি ধরতে অভিযান চালায়। এসময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয় আশপাশের ৩-৪ গ্রামের লোক জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে উভয় পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
