নির্বিচারে মানুষ হত্যার পথ ছাড়ুন :ফখরুল

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:২৯
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, নির্বিচারে মানুষ হত্যার পথ ছাড়ুন নইলে জনগণ আপনাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করতে আর সময় নেবে না। তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্তমান সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা এবং হামলা চালিয়ে গুরুতর আহত ও মিথ্যা মামলা দায়ের করে নাজেহাল করছে। মির্জা আলমগীর বলেন, দেশ পরিচালনায় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শনের কারণেই দেশের মানুষ আজ নিরাপত্তাহীন ও শঙ্কিত জীবন-যাপন করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে গত দুই দিনে বিএনপি নেতা-কর্মীদের হত্যাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের গুরুতর আহতকারী চিহ্নিত ও দাগী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি বলেন, ২১ মার্চ সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব দরিয়াপুর গ্রামে আসামি ধরাকে কেন্দ, ফাতেমা, শহীদুলসহ ৩০/৩৫ জন মারাত্মক আহত হয়। একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান, সদস্য পারভেজ আহমেদ, মাসুদুর রহমান ও রাহাদ হোসেনকে চাইনিজ কুড়াল এবং চাপাতি দিয়ে নির্দয়ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তারা বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে পুলিশ নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়ে যুবদল নেতা আনিসুর রহমানকে হত্যা করে। এ ঘটনায় প্রায় ত্রিশ জন গুলিবিদ্ধ এবং ৫০/৬০ জন্য নিরীহ মানুষ রাবার বুলেটবিদ্ধ হয়। তাদের মধ্যে অনেকেই এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। যশোরের চৌগাছায় চিহ্নিত আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নারায়ণপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইউপি সদস্য আবুল কাশেমের দুই হাত-পা ভেঙ্গে দিয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিত্সাধীন আছেন। এছাড়া গত হরতালে গাড়ি ভাংচুর ও বোমা হামলার মিথ্যা অপরাধে অপরাধী করে চৌগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান লালসহ বিএনপি ও ছাত্রদলের বহু নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।