যশোরের চৌগাছায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামে। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সুশান্ত কুমার রায় বাপ্পী ও আবুল কাশেম মেম্বারের মধ্যে দীর্ঘদিন যাবত্ গোলযোগ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন পর্যায়ে সালিশী বৈঠক হলেও এ পর্যন্ত কোন সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান তার অফিস কক্ষে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সালিশী বৈঠক করেন। তিনি বক্তব্য শুনে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের ভয়ে আবুল কাশেম দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন। সালিশী বৈঠক শেষে এসএম হাবিবুর রহমান কাশেমকে একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হায়দার আলী মেম্বার ও কবির হোসেন মেম্বারকে বাড়িতে পৌঁছে দিতে বলেন। মোটর সাইকেলযোগে তারা আবুল কাশেমকে নিয়ে ঝাঊতলা বাজারে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা আবুল কাশেমকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। বর্তমান কাদবিলা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় জনগণের মাঝে চরম আতংক বিরাজ করছে।
