হয়তো ব্যক্তিগত বা পারিবারিক কোনো কাজের জন্য দূরের কোনো গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যেতে হবে আপনাকে। কিন্তু যে সময়ে গাড়ি নিয়ে রওনা হবেন সে সময়ে খানিকটা ঘুম ঘুমও বোধ করতে লাগলেন আপনি। এসব অবস্থায় গাড়ি নিয়ে মহাসড়কে না বেরুনোই নিঃসন্দেহে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে তারপরও নেহাত কোনো প্রয়োজনে যদি বেরুতেই হয় তাহলে গাড়িতে ওঠার আগে এক কাপ কফি হতে পারে আপনার বিপদের বন্ধু। এতে করে দুর্ঘটনা না ঘটার দিব্যি না মিললেও, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমবে অনেকটাই। দীর্ঘ গবেষণা আর নানা রকমের তথ্য বিশ্লেষণের মাধ্যমে অন্তত এমনটাই দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। তারা জানিয়েছেন, কফি এবং এ ধরনের অন্যান্য উদ্দীপক পানীয় ঘুম ঘুম ভাব কাটাতে সাহায্য করে বলে যারা রাতের বেলায় নিয়মিত গাড়ি চালান তাদের ক্ষেত্রে গাড়ি চালানোর আগে বা মাঝে কফি পান দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমায়। যদিও দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য শুধুমাত্র কফি পানই যে সকল সমস্যার সমাধান দিতে পারে না সেটিও মনে করিয়ে দিয়েছেন এই গবেষকরা। বরং কজন চালকের বয়স, তিনি দৈনিক কয় ঘণ্টা ঘুমান, প্রতিদিন কত কিলোমিটার গাড়ি চালান, যাত্রা পথে কতক্ষণ পর পর বিরতি নেন কিংবা তার ট্রাক চালানো সময়সূচি কি রকম প্রভৃতি আরও নানা বিষয়ই নির্ধারণ করে দেয় দুর্ঘটনার ঝুঁকির চূড়ান্ত মাত্রাটি। এদিকে কফির সঙ্গে দুর্ঘটনার সম্পর্ক নিয়ে করা আলোচিত এই গবেষণার অংশ হিসেবে গবেষকরা যে ১,০৪৭ জন ভারি পণ্যবাহী ট্রাক চালকের সাক্ষাত্কার নেন তাদের মধ্যে ৪৩০ জনের কোনো না কোনো সময় দুর্ঘটনা ঘটাবার ইতিহাস ছিল। কিন্তু যে ৫১৭ জন কখনোই কোনো দুর্ঘটনা ঘটাননি তাদের অধিকাংশই নিয়মিত কফি পান করতেন। এ ছাড়া তাদের কফি পানের ধরন, তন্দ্রাচ্ছন্নতা প্রভৃতি আরও কিছু তথ্যও এই গবেষণার সময় গুরুত্ব দিয়ে বিবেচনা করেন গবেষকরা।
