অনন্তের বিরুদ্ধে বর্ষার জিডি

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৯:৩৮
‘মোস্ট ওয়েলকাম’খ্যাত অনন্ত-বর্ষা জুটির সংসার এবার ভাঙতে যাচ্ছে, ঠিক এমনই আভাস পাওয়া গেল গত শুক্রবার। প্রায়শই বর্ষার গায়ে হাত তুলেন অনন্ত, ঠিক এমনই অভিযোগ করলেন চিত্রনায়িকা বর্ষা। তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে অনন্ত তার স্ত্রী বর্ষাকে শারীরিকভাবে নির্যাতন করার কিছুক্ষণ পরই মোহাম্মদপুর থানায় এসে অনন্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন বর্ষা। অভিযোগের সত্যতাও নিশ্চিত করেছেন ওই থানার পুলিশ। থানা মারফত জানা যায়, জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছে। মাঝে মাঝেই বর্ষাকে মারধর করেন অনন্ত। প্রায় নিয়মিতই বর্ষাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন অনন্ত। বর্ষা থানায় জিডি করার কিছুক্ষণের মধ্যেই স্বামী অনন্ত থানায় এসে জিডি প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু ঘটনাস্থলেই বর্ষা জিডি প্রত্যাহারে অসম্মতি জ্ঞাপন করেন। প্রায় আধঘণ্টা পর দুইজন একসঙ্গে থানা থেকে বের হন। উল্লেখ্য, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বরে অনন্ত-বর্ষার বিয়ে হয়। অনন্ত-বর্ষা জুটি হয়ে একাধিক ছবিতে অভিনয় করছেন এবং তাদের জুটি হওয়া একাধিক ছবি মুক্তিও পেয়েছে।