সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়নি:যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২০:৩৩
সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় রাসায়নিক অস্ত্রের হামলা হয়নি এটি ক্রমেই প্রতীয়মান হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি বলে স্বীকার করেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে বৃহস্পতিবার ওই কর্মকর্তা বলেন, “এ বিষয়ে বর্ধিত তথ্যের আলোকে আমাদের মনে হচ্ছে সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়নি।” তবে এ বিষয়ে আরো তথ্য পাওয়া গেলে তাদের বিশ্লেষণ পাল্টে যেতে পারে বলেও জানান তিনি। — খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের। মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের নিকটবর্তী ‘খান আল-আসাল’ এলাকায় রকেট হামলায় ২৬ জন নিহত হয়। রকেটটি রাসায়নিক অস্ত্রবাহী ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ও বিরোধী বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করেছে। ইউরোপীয় এক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন,“রকেটটি যদি রাসায়নিক অস্ত্রবাহী বা ব্যাপক ধ্বংসাত্মক কোনো অস্ত্র হতো তাহলে হতাহতের সংখ্যা ২৬-এর চেয়েও আরো বেশি হতো।” এই কর্মকর্তা বলেন, যে ধরনের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করেন না। ওই হামলার পর হাসপাতালে ভর্তি আহত কয়েকজন জানিয়েছিলেন, বিস্ফোরণের পরপরই তারা ক্লোরিনের তীব্র গন্ধ পেয়েছিলেন আর অনেকেই তাত্ক্ষণিকভাবে পড়ে গিয়ে মারা যান।