ইতালির দুই নৌসেনা ভারতে ফিরেছে

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২০:৩৩
দুই ভারতীয় জেলেকে গুলি করে হত্যার অভিযোগে ইতালির দুই নৌসেনা বিচারের মুখোমুখি হতে শেষ পর্যন্ত ভারতে ফিরেছে বলে জানিয়েছেন নয়াদিল্লির কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে দুই নৌসেনাকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জানায় ইতালি। ভারতের কাছ থেকে ওই দুই সেনার মৌলিক অধিকার রক্ষার লিখিত আশ্বাস পাওয়ার পর তাদেরকে দিল্লিতে ফেরত পাঠায় ইতালি। শুক্রবার দিল্লিতে পৌঁছান ম্যাসিমিলানো লাতোর ও সালভাতোর গিরোন নামের ওই দুই নৌসেনা। গতবছর ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালার সমুদ্রোপকূলে জলদ্যু ভেবে দুই ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করে অভিযুক্ত এ দুই নৌসেনা। ওই হত্যা মামলায় ভারতে তাদের বিচার চলছিল। ভারতে ফেরার প্রতিশ্রুতি দিয়ে সমপ্রতি ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিতে তারা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে দেশে গিয়েছিলেন। ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ডেনিয়েল মানচিনি ওই দুই ইতালীয় সেনা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে ফিরবেন বলে হলফনামাও দিয়েছিলেন। পরে ইতালি দুই সেনা সদস্যকে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানালে দু’দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ভারতে নিযু্ক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনিকে ভারত না ছাড়ার নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।