পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ আজ দেশে ফিরছেন। পাকিস্তানের একটি আদালত কয়েকটি মামলায় তাকে সুরক্ষামূলক জামিন দেয়ার কয়েক ঘন্টার পরই শনিবার তিনি একথা বলেন। আগামী মে মাসে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
সুরক্ষামূলক জামিন পাওয়ার ফলে দেশে ফেরার পর মোশাররফকে তাত্ক্ষণিকভাবে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে না। একই সাথে আদালত তার যথাযথ নিরাপত্তা বিধানেরও নির্দেশ দিয়েছে। জানা গেছে, তিন লাখ রূপির বিনিময়ে বিচারক সাজ্জাদ আলি শাহ তিনটি মামলায় মোশাররফকে জামিন দিয়েছেন। জামিনের নির্দেশে বলা হয়েছে, উচ্চতর আদালতের বিচারকদের অপসারণ সংক্রান্ত মামলায় মোশাররফকে ১০ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না। অপর দুই মামলায় তাকে আগামী ১৪ দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না। মোশাররফের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকা, ২০০৭ সালে বেনজির ভুট্টোর ওপর হামলার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরে যায় পারভেজ তার দল।
এদিকে পারভেজ মোশাররফ দেশে ফিরলে তাকে হত্যার হুমকি দিয়েছে তালেবান। ভিডিও বার্তায় বলা হয়, বিশেষ বাহিনী আত্মঘামী ও স্লাইপার রাইফেল দিয়ে তাকে হত্যা করবে।
