সংবাদ কণিকা

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২০:৩৫
বাতাসেই চলবে গাড়ি আপনি যদি ভবিষ্যতে গাড়ির কথা ভাবেন, তাহলে পিটার ডিয়ারম্যানের ভক্সহল নোভার কথা চিন্তা করতে পারেন। হাতে বানানো এই যানটি চালাতে গ্যাসোলিন প্রয়োজন নেই, দরকার নেই ব্যাটারিও। গলফ কাট্রের মতো শব্দ করা ইঞ্জিনটি চলবে শুধু তরল বাতাস ব্যবহারের মাধ্যমে। এটাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে পরিবেশবান্ধব গাড়ি- এমনটাই জানিয়েছে ইয়াহু। ডিয়ারম্যানের গাড়িটি অনেকটা বাষ্পীয় ইঞ্জিনের মতো কাজ করে। যদিও এতে বাষ্পের বদলে ব্যবহার হবে তরল বাতাস। ব্যাটারিচালিত গাড়ি রিচার্জ হতে ঘণ্টাখানেক সময় নেয়। তবে বাতাসে চালিত গাড়িটি রিচার্জ হতে তেলচালিত গাড়ির মতোই সময় দরকার হবে। — বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ভারতের ধনকুবের ভারতের ধনকুবেররা বহুতল ভবনে থাকেন। ব্যক্তিগত বিমানে যাতায়াত করেন, মাঝে মাঝে তারকা ভরপুর বিয়ের পার্টির আয়োজনও করেন। তবে গরীবদের সহায়তার ক্ষেত্রে তাদের মাঝে সাড়া কম। চলতি মাসে মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে এই তথ্য। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান বেইন এন্ড কোম্পানির হিসেব অনুযায়ী, ভারতীয় কোটিপতিরা ২০১১ সালে তাদের সম্পদের ৩ দশমিক ১ শতাংশ দাতব্য কাজে ব্যয় করেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিরা গড়ে তাদের সম্পদের ৯ দশমিক ১ শতাংশ দাতব্য কাজে ব্যয় করেন। — এএফপি গুলিতে চার বন্দী নিহত ইন্দোনেশিয়ার একটি কারাগারে শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৪ কারাবন্দী নিহত হয়েছে। নিহত বন্দীদের বিরুদ্ধে মধ্যজাভার যোগজাকার্তার এক নৈশক্লাবে মঙ্গলবার এলিট স্পেশাল ফোর্সের এক সৈন্যকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ রয়েছে। যোগজাকার্তার পুলিশের মুখপাত্র অ্যানি পুজিয়াস্তুতি জানান, শুক্রবার মধ্যরাতের পর ১০ থেকে ১৫জন বন্দুকধারী কবনগান সংশোধনাগারে বন্দিদের ওপর এ হামলা চালায়। পুলিশ কারাগারে তদন্ত চালাচ্ছে। তারা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। —এএফপি জার্মানিতে রিকশা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যখন রিকশা হটাও আন্দোলন চলছে। তখন জার্মানির মতো একটা উন্নত দেশে শুরু হয়েছে রিকশা প্রচলন। তবে তা হচ্ছে পর্যটকদের খাতিরেই। রাজধানী বার্লিনের বেশকিছু ঐতিহাসিক জায়গায় আজকাল নিয়মিতই দেখা মিলছে রিকশার। অলস ভ্রমণার্থীযুগল চেপে বসছে রিকশায়। নতুবা নিতান্ত কৌতূহলের কারণেও অনেকে চড়ছে রিকশায়। এমনকি, রিকশায় চড়ে বিয়ে করা অথবা বিয়ের পর রিকশায় বসে ছবি তোলারও একটা ফ্যাশন হিসেবে দেখা দিয়েছে সেখানে। অবশ্য শুধু রিকশা নয়, মোটরযুক্ত দরজাবিহীন ছোট্ট গাড়ির মতো রিকশাও পাওয়া যাচ্ছে জার্মানিতে। নাম তাদের ‘ভেলোট্যাক্সি’। —ডয়েচে ভেলে