খরা মৌসুমে বিশেষ সেচ প্রযুক্তি ব্যবহার করে অফ সিজনে চা উত্পাদন করে সর্বোচ্চ দরে বিক্রির রেকর্ড করেছে হালদা ভ্যালী চা বাগান। বুধবার চট্টগ্রাম চা নিলাম বাজারে এ বাগানে বর্তমান অফ সিজনে উত্পাদিত চা প্রতি কেজি ৪১২ টাকায় বিক্রি হয়। যা এ যাবত্ কালের সর্বোচ্চ দর। অফ সিজনে চা উত্পাদন করে সর্বোচ্চ দরে বিক্রির রেকর্ড করায় হালদা ভ্যালী চা বাগান দেশের চা জগতে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত এ সময়টি চা উত্পাদনের অফ সিজন। এ সময়ে চা গাছ প্লোনিং বা ছাঁটানোর কাজ করার পর গাছে নতুন কুঁড়ি বা কচিপাতা গজানোর জন্য বৃষ্টির অপেক্ষায় দিন গুণতে হয়। কিন্তু হালদা ভ্যালী বাগানে এ অফ সিজনে বিশেষ সেচ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরা মোকাবিলা করে চা উত্পাদন অব্যাহত রাখতে সফল হয়। হালদা ভ্যালীর ব্যবস্থাপক মো:জাহাঙ্গীর আলম জানান, সারা বছর চা উত্পাদন অব্যাহত রাখার জন্য চট্টগ্রাম অঞ্চলের চাশিল্পের সফল ব্যক্তিত্ব পেড্রোলো গ্রুপের চেয়ারম্যান ও হালদা ভ্যালী বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান বিশেষ সেচ প্রযুক্তির উদ্ভাবন করেন।
খরা মোকাবিলার জন্য বাগানে নির্মিত তিনটি বড় রিজার্ভারে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখা হয়। জানুয়ারি থেকে মার্চ মাস এ খরা মৌসুমে রিজার্ভার থেকে পাইপের মাধ্যমে পুরো বাগানে সেচ দেয়া হয়। এছাড়া পার্শ্ববর্তী হালদা নদী রাবার ড্যাম প্রজেক্ট থেকে বাগান পর্যন্ত স্থাপিত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে পাম্প মেশিনের সাহায্যে প্রয়োজনীয় সেচের পানি সংগ্রহ করা হয়। সারা বছর সেচ, সারা বছর উত্পাদন এ টার্গেট বাস্তবায়নের জন্য বাগানের ৬৪০ একর প্লান্টেশন জুড়ে স্থায়ী সেচ প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
