টেস্ট সিরিজেও উইন্ডিজের দাপুটে জয়

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪২
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টির পর দাপটের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও জিতলো। দ্বিতীয় ও শেষ টেস্টটির তৃতীয় দিনেই এক ইনিংস ও ৬৫ রানে জিতে ২-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৮১ রান তুললে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৬ রানে এগিয়ে ছিল ক্যারিবীয়রা। কিন্তু তৃতীয় দিনের শুরুতে আর ব্যাটিংয়ে না নেমে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় ড্যারেন সামির দল। জিম্বাবুয়ে ২০৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায়। এরপর অফ-স্পিনার শেইন শিলিংফোর্ডের ঘূর্ণিতে পড়ে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ভিসু সিবান্দা। এছাড়া ২০ রান করে করেন ম্যালকম ওয়ালার ও গ্রায়েম ক্রেমার। ৩৪ রানে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন শিলিংফোর্ড এবং ম্যাচ সেরা হন। শুধু ম্যাচ সেরাই নন, দুই টেস্টের এই সিরিজে ১৯ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কারও তুলে নেন শিলিংফোর্ড। স্কোর কার্ড : জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৭৫/১০ (ব্রেনডন টেইলর ৩৩, ভিসু সিবান্দা ৩২; শিলিংফোর্ড ৫/৫৯)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩৮১ (ক্রিস গেইল ১০১, শিবনারায়ন চন্দরপল ১০৮, দীনেশ রামদিন ৮৬; জার্ভিস ২/৮২, ক্রেমার ২/১০২, জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১৪১ (ভিসু সিবান্দা ৩৫; শিলিংফোর্ড ৫/৩৪, স্যামুয়েলস ৩/৩৫। ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ৬৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শেইন শিলিংফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)। ম্যান অব দ্য সিরিজ: শেইন শিলিংফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।-বাসস