পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই মহিলা পুলিশ নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের শালিকা নামক স্থানে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে পুলিশ কনস্টেবল তানিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার চুয়াডাঙ্গা থেকে নাজমুল ইসলামের মোটরসাইকেলের পিছনে বসে গ্রামে যাওয়ার পথে সেখানে পড়ে যায়। চিকিত্সার জন্য তাকে আসমানখালী বাজারে নেয়ার পথে সে মারা যায়। তানিয়া আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে। চলতি সপ্তাহে নাজমুল-তানিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মংলায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা পুলিশের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মংলা থানায় কর্মরত মহিলা পুলিশ কনস্টেবল চুমকি আক্তার শুক্রবার বিকেলে মংলার চিলা ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে থানায় আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তার সাথে মোটরসাইকেলে থাকা স্বামী, সন্তানও আহত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে চুমকিকে খুলনা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার ভোরে সেখানে তার মৃত্যু হয়। নিহত চুমকির বাড়ি খুলনার রূপসা উপজেলার বাদাল গ্রামে।