ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বাংলাদেশ তথা বিশ্বের ক্রমবর্ধমান পানি সমস্যার চিত্র তুলে ধরে বলেন, পানির যথেচ্ছ ব্যবহারের কারণে বাংলাদেশসহ বিশ্বের ভূ-গর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে এবং পানি আর্সেনিকের মতো মারাত্মক দূষণের কবলে পড়ছে।
শনিবার সকালে ঢাবি ক্যাম্পাসে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিভাগের মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যদি ভবিষ্যতে কখনও তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তবে পানি ভাগাভাগিকে কেন্দ্র করেই হতে পারে। পানি শুধু খাবার হিসাবেই নয়, কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রেই নিত্যপ্রয়োজনীয় উপাদান হিসাবে ব্যবহূত হয়ে থাকে।
পানির অপব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পানির দূষণ ও অপচয় রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, সেমিনার ও পোস্টার প্রদর্শনী। জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে “পানির সহযোগিতা”। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান মজুমদার এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ব পানি দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাসফিকুস সালেহীন। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. এস এম ইমামুল হক, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
