সদ্য প্রয়াত রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: জিল্লুর রহমানের রুহের শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ্ উদ্দিন দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। এসময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারিগণ মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে প্রয়াত রাষ্ট্রপতির স্মরণে আজ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় এটি শুরু হবে। এ উপলক্ষে আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।
