যশোরে বাস উল্টে ২ জন নিহত আহত ২০

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:২২
যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বিকালে মহাসড়কের মনোহরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার আবু হানিফের ছেলে আব্দুল লতিফ (৩৬) ও অজ্ঞাত পরিচয় মহিলা (৫০)। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, মাগুরা থেকে ছেড়ে আসা যশোরমুখী যাত্রীবাহী বাসটি মনোহরপুর বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই ঐ দু’জন নিহত হন। আহত হন অন্তত ২০ বাস যাত্রী। এদের মধ্যে ৮ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।