হরিণ শিকারের মামলায় ফেঁসে যেতে পারেন পাঁচ বলিউড তারকা

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:৩০
বলিউডের পাঁচজন অভিনেতা-অভিনেত্রী হরিণ শিকারের মামলায় ফেঁসে যেতে পারেন। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত গতকাল শনিবার সালমান খান, সাইফ আলি খান, টাবু, নীলম ও সোনালী বেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পুনর্গঠন করেছে। ১৪ বছর আগে হরিণ শিকারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগ প্রমাণ হলে তাদের ছয় বছর পর্যন্ত জেল হতে পারে। খবর এনডিটিভির। সালমানের খানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযোগ গঠন করা হয়। অস্ত্র আইনের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। সাইফ আলি খান, টাবু, নীলম ও সোনালী বেন্দ্রের বিরুদ্ধে হরিণ শিকার ও সালমান খানকে হরিণ শিকারে সহায়তার অভিযোগ আনা হয়। ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে মামলার বিচার শুরু হবে। সাক্ষীদের মাধ্যমে আসামি চিহ্নিত করার প্রয়োজন না হলে বলিউড তারকাদের আদালতে উপস্থিত হতে হবে না। ১৯৯৮ সালে একটি চলচ্চিত্রে শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার প্রধান সাক্ষী অভিনেতাদের গাড়িচালক কয়েক বছর ধরে নিখোঁজ। ভারতে এ ধরনের হরিণ শিকার করা নিষিদ্ধ।