শুক্রবার রাতে চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন অতি ব্যস্ততম স্থানে অবস্থিত শ্রী রক্ষাকালী মন্দিরের গেট ভেঙ্গে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। অপরদিকে বেগমগঞ্জের রাজগঞ্জে ইতিপূর্বে সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত কালী মন্দির পুনঃনির্মাণকালে শুক্রবার রাতে পুনরায় ভাঙচুর করেন একদল সন্ত্রাসী।
বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল রাজগঞ্জে ২৮শে ফেব্রুয়ারি যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটেছিল তার রেশ কাটতে না কাটতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। চৌমুহনী শহরের ব্যস্ততম স্থান শহরের চৌরাস্তার পূর্বপাশে চৌমুহনী পৌরভবনের বিপরীতে অবস্থিত শ্রী রক্ষাকালী মন্দিরের একাধিক গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ঠাকুরের যাবতীয় স্বর্ণ ও রূপার অলঙ্কার, প্রণামী বাক্স ভেঙ্গে টাকা এবং অন্যান্য ছোট ছোট ঠাকুরের কষ্টি পাথরের বিগ্রহ নিয়ে যায় সন্ত্রাসীরা। শনিবার সকালে পুরোহিত মন্দিরে আসলে এ ঘটনা দেখতে পান। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে বেগমগঞ্জের রাজগঞ্জ এলাকায় ২৮শে ফেব্রুয়ারি নারকীয় ঘটনার পর সরকারি-বেসরকারি ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় ঘরবাড়ি ও মন্দির পুনঃনির্মাণ চলছে। এ অবস্থায় সন্ত্রাসীরা রাজগঞ্জের কালীর হাটের মন্দির পুনরায় ভেঙ্গে তছনছ করে। স্থানীয় গ্রাম পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় এলাকার সংখ্যালঘুদের মধ্যে পুনরায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ত্বরিত ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে মন্দিরের দায়িত্বে থাকা গোপী মোহন দেবনাথ বলেছেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা বলতে পারবো না। গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
