মুন্সীগঞ্জে জেএমবি সন্দেহে একজন গ্রেফতার, ২৪টি ককটেল উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:৩১
র্যাব-১১ সদস্যরা সন্দেহভাজন জেএমবির এক সদস্যকে মুন্সীগঞ্জ থেকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বোমা উদ্ধারের এ তথ্য সাংবাদিকদের অবহিত করেন র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অপারেশন দল মুন্সীগঞ্জের মোল¬াকান্দি ইউনিয়নের নোয়াদ্দা লক্ষ্মীদেবী গ্রামের সরকার বাড়ির একটি টিনের দোকানের ভিতর থেকে লাল টেপ পেঁচানো ২৪টি ককটেল উদ্ধার করে। এ সময় র্যাব সদস্যরা দোকানের মালিক নুর উদ্দিন সরকারকে (৪৫) গ্রেফতার করে। বোমা তৈরি ও সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত নুর উদ্দিনের সাথে জেএমবির সম্পৃক্ততা থাকতে পারে। গ্রেফতার হওয়া নুর উদ্দিন সরকারের বাড়ি মুন্সীগঞ্জের সদর থানাধীন নোয়াদ্দা লক্ষ্মীদেবী গ্রামে।