লাক্স তারকা রাহা আর নেই

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:২২
‘কেমিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রেম-প্রতারণার ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন রাহা। সেই অভিনেত্রী রাহারই রহস্যজনকভাবে প্রেম-প্রতারণার ধোঁয়াশাতেই মৃত্যু হলো। রাহার কাছের মানুষেরা অনেকেই বলেছেন ব্যক্তি জীবনে এই ভালোবাসার মানসিক যন্ত্রণাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। মিডিয়া আর ব্যক্তি জীবনে হবু স্বামী সাকিবকে নিয়ে বেশ সংকটেই যাচ্ছিল তার দৈনন্দিন জীবনযাপন। এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আসগর রাহার সঙ্গে সর্বশেষ ১৪ মার্চ গুলশান নিকেতনে সাকিবের সঙ্গে ব্যাপক ঝগড়ারত অবস্থায় দেখেন মিডিয়ার লোকজনও। ওই দিন শুটিংয়ে গিয়েছিলেন এই মডেল ও অভিনেত্রী এমনটাই জানালেন ওই দিনের শুটিং ইউনিটের একজন। তবে এর কদিন আগেই রাহা তার ফেসবুকে ‘রিলেশনশিপ এনগেজড উইথ সাকিব’ দিয়ে জানান দেন তার সাইবার বন্ধুদের। এসবই শুধুই একটি ঘটনা মাত্র। তবে রাহাকে ১৮ মার্চের পর আর ফেসবুকে দেখা যায়নি। পাশাপাশি গত শুক্রবার মধ্যরাত থেকে রাহার হবু স্বামীর ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ হিসেবে পাওয়া গেছে। রাহার মৃত্যু সংবাদ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে গত শনিবার দুপুর থেকে। শনিবার বিকেল পর্যন্ত অনেক মিডিয়া সহকর্মী ব্যাপারটি গুজব হিসেবে ধরে নিলেও ২০০৭ সালের লাক্স তারকা সুমাইয়া আজগার রাহা আর আমাদের মাঝে নেই। একটি বিশ্বস্ত সূত্র মতে, শুক্রবার রাতে নিজ বাসাতেই অনেকটা রহস্যজনকভাবে মারা যান রাহা। তবে, ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাহার এই হঠাত্ মৃত্যুর ঘটনা মিডিয়ার কেউ না জানার আগেই শনিবার দুপুরে অনেকটা চুপিসারে রাহাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। এর আগে সকালের দিকে রাহাকে ধানমন্ডির ২৭ নম্বরের একটি হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স তারকা নির্বাচনে রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘জলতরঙ্গ’, সালাউদ্দিন লাভলুর ‘স্বপ্নবাজার’, মাসুদের ‘পুতুল খেলা’ ও ‘পাটিগণিত’, রেদওয়ান রনির ‘উচ্চতর শারীরিক বিজ্ঞান’ ও ‘লাকি থারটিন’, রিজিয়া মাসুদের ‘দিনবদলের পালা’, শরাফ আহমেদ জীবনের ‘কামিং সুন’ এবং এক খণ্ডের নাটক ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘জিম্মি’, ‘যত চিনি তত মিষ্টি’, ‘কাজী অফিস’, ‘ফোরটি টু মিনিটস’, ‘মেঘ ডেকেছে বেলায় বেলায়’, ‘টাইম বোম’, শেখ সেলিমের পরিচালনায় ‘মাকড়সা’, ফ্যাশন ব্র্যান্ড চৈতি, মানসা, এবি ফ্যাশনসহ টেলিকম ব্র্যান্ড রবিসহ অনেক প্রিন্ট মিডিয়া ও বিলবোর্ড ও টিভি বিজ্ঞাপনের কাজ করেছেন এই উদীয়মান তারকা। ঢাকার জাপান গার্ডেন সিটিতে বসবাসরত রাহা এবারের এইচএসসি (কয়েক বছর শিক্ষা বিরতিসহ) পরীক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে বাবা-মার বড় মেয়ে ছিলেন রাহা।