বিনোদন রিপোর্ট
শখের দৌড় আর গানের প্রতি পরিবারের কঠিন আসক্তি থেকেই পূর্ণতা নামের এক গায়িকা একক অ্যালবাম নিয়ে অডিও বাজারে প্রবেশ করতে যাচ্ছেন। এই বৈশাখ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার প্রথম একক অ্যালবাম ‘পূর্ণতা’। আর অ্যালবামে মেয়ের জন্য অধিকাংশ গানই লিখেছেন মা ড. শাহনাজ বেগম। এ ছাড়াও একটি গান লিখেছেন শেখ সুমন এমদাদ ও রবিউল ইসলাম জীবন। অ্যালবাম প্রসঙ্গে পূর্ণতা বলেন, ‘এটা আমার একটি বড় স্বপ্ন পূরণ। আমি অনেক ভাগ্যবান যে আমার বাবা-মার এতটা সাপোর্ট পেয়েছি। না হলে হয়তো এই অ্যালবামের কাজ এতটা সহজে সম্ভব হতো না।’
অ্যালবামের সমন্বয়ক ড. শাহনাজ বেগম বলেন, ‘ছেলেবেলা থেকেই পূর্ণতা কঠিন কঠিন গান অনায়াসেই ওর কণ্ঠে তুলে ফেলত। সেই থেকেই গানের চর্চা ও নেশা। একক অ্যালবাম ছাড়া তো শিল্পী জীবনের পূর্ণতা মেলে না। তাই পূর্ণতার গানের পূর্ণতা আনার প্রথম সোপান হিসেবে এই অ্যালবাম প্রকাশ করা। সবাই তার জন্য দোয়া করবেন এবং অ্যালবামটি কিনে শুনবেন।’
সিডি চয়েজ থেকে প্রকাশিত এই অ্যালবামে সুর করেছেন নাজির মাহমুদ, তানভীর তারেক, এরফান টিপু, কাজী শুভ ও ইমরান।
