কোন নাস্তিককে বরিশাল বিভাগে ঢুকতে দেয়া হবে না

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৭
বরিশালে কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মেলনে বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, ভয়ংকর নাস্তিকতা ইসলাম, দেশ ও জাতিকে বিপন্ন করে তুলছে। তাই কোন নাস্তিককে বরিশাল বিভাগে প্রবেশ করতে দেয়া হবে না। দক্ষিণবঙ্গবাসী জীবন দিয়ে হলেও নাস্তিকদের প্রতিহত করবে। নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ২ দিনব্যাপী এই ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিন গত শনিবার সকালে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বক্তারা এই ঘোষণা দেন। এছাড়া বক্তারা আগামী ৬ এপ্রিলের লংমার্চ সফল করার আহ্বান জানান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকার জামিয়া রাহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা নূর হোসাইন কাসেমী, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা জুনায়েদ গুলজার, মুফতি রফিকুল ইসলাম, মুফতি নূরুল আমীন, মুফতি গোলাম মাওলা প্রমুখ। মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, যারা নাস্তিকদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করছে, তাদেরকে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধের বিচার বিরোধী বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। তিনি বলেন, আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই, তবে তা ন্যায়সঙ্গত হতে হবে। যুদ্ধাপরাধের জন্য যদি ফাঁসি হয়, তবে আল্লাহর বিরুদ্ধে অপরাধের জন্য শতবার ফাঁসি দিতে হবে। তাই কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দল-মত নির্বিশেষে সকলকে মহান আল্লাহ্, কোরআন ও মহানবী (সাঃ)-কে কটূক্তিকারী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় বক্তারা আরো বলেন, দুর্নীতিমুক্ত সুশিক্ষিত জাতি গঠনে কওমী মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। এই মাদ্রাসা না থাকলে এ দেশের ইসলাম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। তাই জাতীয় স্বার্থেই কওমী মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। সম্মেলনে বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন থানা থেকে কয়েক হাজার কওমী ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।