আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ১৪ দলীয় জোটকে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করার জন্য ঘাতক জামায়াত-শিবির দেশে যে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে, বিএনপি তাতে প্রত্যক্ষভাবে মদদ দিয়ে নিজেদের গণবিরোধী চরিত্র ফুটিয়ে তুলেছে। জামায়াত-শিবিরের সাম্প্রতিক হামলা, খুন, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু নির্যাতনসহ সকল অপকর্মকে সমর্থন করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধের চেতনার মূলে কুঠারাঘাত করেছেন। যেকোন মূল্যে জামায়াত-শিবির ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতিহত করার জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে ১৪ দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
গত শনিবার মোহাম্মদ নাসিম তার সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া রোডের বাসভবনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের এক সভায় এই কথা বলেন।
