ন্যায্য মূল্যসহ ১৫ দফা দাবি

গোপালগঞ্জে পাট চাষিদের মিছিল, স্মারকলিপি পেশ

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৯
পাটের ন্যায্য মূল্য নিশ্চিতসহ পনের দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জুট প্রোডিউসারস্ এসোসিয়েশন গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। রবিবার দুপুর ১২ টায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পাট চাষি গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ে জড়ো হয়ে শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে গোপালগঞ্জের পাঁচটি উপজেলার কয়েক হাজার পাট চাষি অংশগ্রহণ করেন। বিভন্ন বয়সের মহিলাও মিছিলে অংশ নেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জুট প্রোডিউসারস্ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক এ.কে.এম শাহাদাত হোসেনসহ এসোসিয়েশনের অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পাট চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত, সামগ্রিক পাট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, সুদমুক্ত ঋণ সুবিধাসহ পনের দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, পাট চাষিদের পাট আবাদের ক্ষেত্রে পানি একটি জরুরি উপাদান হলেও খাল ও নদী খনন না করায় চাষিদের উত্পাদন খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। অন্যদিকে উত্পাদিত পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম পাট চাষিদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশ শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাট চাষীরা পনের দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।